প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2026 ইং
গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের

চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি:
মোঃসাকিল
গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার এবং গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সার, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় ‘মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, "সার, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে গুপ্ত সংগঠনগুলো পরিকল্পিতভাবে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। নিষিদ্ধ সংগঠনের এসব অপপ্রচারকারীর সঙ্গে সাধারণ মানুষ যেন কোনো ধরনের সম্পর্ক না রাখে। যেকোনো চক্রান্ত রুখতে সবাইকে সচেতন থাকতে হবে।"
কৃষি ব্যবস্থার প্রসারে উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক কৃষকদের সুবিধার জন্য 'কৃষক কার্ড' দেওয়ার ব্যবস্থা করছেন। যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা যেন সড়কের পাশের খালি জায়গা ও অনাবাদি জমিতে চাষাবাদ করেন। এসব ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে এলাকার ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি দুই কেজি করে সার এবং টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ বিতরণ করা হয়।
মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন ও সাইফুদ্দীন আহমেদ এবং বিএনপি নেতা মাহবুবুর রহমান ও মো. ইসমাইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪